Print

Broadcasting News Corporation

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২২ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (Naoki ITO) বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সাথে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ বাংলাদেশে জাপানি স্থপতি কর্তৃক শিশু গ্রন্থাগার স্থাপন ও বাংলাদেশ-জাপান যৌথ চিত্র প্রদর্শনী আয়োজনের বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন। জাপানের রাষ্ট্রদূত জানান, জাপানের প্রখ্যাত স্থপতি আন্দো তাদাও (Ando Tadao) বাংলাদেশের শিশুদের জন্য মনোরম স্থাপত্য নকশায় একটি নান্দনিক শিশু গ্রন্থাগার স্থাপন করতে ইচ্ছুক। তিনি বিশ্ববিখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় তৈরি ল্যান্ডমার্ক স্থাপনা জাতীয় সংসদ দেখে বাংলাদেশে এটি নির্মাণে অনুপ্রাণিত হন। রাষ্ট্রদূত দৃষ্টিনন্দন এ শিশু গ্রন্থাগারের জন্য জমি বরাদ্দ ও নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী শিশু গ্রন্থাগার নির্মাণের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে প্রস্তাব তৈরিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ প্রেরণ করা হবে। তিনি এ সময় ঢাকা অপেরা হাউজ নির্মাণের বিষয়ে জাপানের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বলেন, আগামী ডিসেম্বর মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাপান দূতাবাস বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাস জাপানের যৌথ আয়োজনে বাংলাদেশ ও জাপানের চিত্রশিল্পীদের অংশগ্রহণে ঢাকায় জাতীয় জাদুঘর বা শিল্পকলা একাডেমিতে একটি যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত এ প্রদর্শনী আয়োজনের বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন ও উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 589

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত