Print

Broadcasting News Corporation

মুক্তিযুদ্ধ ও প্রগতির সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২২ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মুক্তিযুদ্ধ ও প্রগতির পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। জাতীয় পার্টি (জেপি) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জেপি আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি তর্পণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। শোকাবহ ১৫ আগস্টের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জানার জন্য বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। সমসাময়িক প্রসঙ্গে জ্বালানি তেলের দামের অজুহাতে অহেতুক নিত্যপণ্যের দাম বেশি রাখা অসৎ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা পুনর্ব্যক্ত করেন ড. হাছান। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধুর মতো মহান জাতীয়তাবাদী নেতাদের মৃত্যু নেই। জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। পৃথিবীতে খুব কম জাতীয়তাবাদী নেতা একটা জাতি গঠন করতে পেরেছেন এবং এত অল্প দিনের মধ্যে জাতিকে একটা সংবিধান দিতে পেরেছেন, সে কারণে বঙ্গবন্ধু বিশ্বনেতাদের মধ্যে অনন্য, উল্লেখ করেন জেপি সভাপতি। বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি (জেপি) এর সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী এবং দলীয় নেতৃবৃন্দ। সমবেত সকলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে আন্তরিক প্রার্থনায় অংশ নেন।

Post Views: 626

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত