Print

Broadcasting News Corporation

সমাজের বিত্তবানদেরকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২২ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, করোনা মহামারির কারণে সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দা চলমান থাকা অবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের বাজারেও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্থিতিশীল রয়েছে, যা মোকাবিলায় বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাধ্য মোতাবেক সাহায্য-সহযোগিতা করতে হবে। বুধবার রাজধানীর মিরপুর-১৩ এলাকায় হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। কামাল আহমেদ মজুমদার বলেন, বিশেষ কমিশন গঠনের মাধ্যমে পঁচাত্তরের ১৫ আগস্ট বিশ্ব ও মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্নই বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে কোভিড-১৯ এর টিকার সুব্যবস্থাসহ অত্যন্ত সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা শেষে কামাল আহমেদ মজুমদার চার শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে নিজের পক্ষ থেকে ১০ কেজি চাউলসহ খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন। হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলবেলী আফিফা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 636

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত