Print

Broadcasting News Corporation

পুরো দেশকে উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হচ্ছে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পঞ্চম শিল্প বিপ্লবের হাতিয়ার হিসেবে পুরো দেশকে উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় শহর-গ্রামের ডিজিটাল বৈষম্য দূর করার বিকল্প নেই। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে দেশের প্রতিটি গ্রামে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগ আমরা বাস্তবায়ন করছি। মন্ত্রী শনিবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রসারে প্রযুক্তির নিরাপদ ব্যবহার শীর্ষক ন্যাশনাল পলিসি ডায়ালগ অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। টেলিযোগাযোগ মন্ত্রী সামনের দিনকে রোবটিক্স, এআই ও আইওটিসহ ডিজিটাল প্রযুক্তির দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, শিশু থেকে বৃদ্ধ যেই হোক তাদের ডিজিটাল দক্ষতা দিতে হবে। আপনি আপনার সন্তানকে যদি ডিজিটাল যুগ থেকে পিছিয়ে রাখেন তবে সে পৃথিবী থেকে পিছিয়ে থাকবে। ডিজিটাল যুগের জন্য ইন্টারনেট অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহারে অজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে প্রতারিত হয়ে থাকেন। খারাপটি বর্জন করার পদ্ধতিও আছে, সেটি জানা থাকলে কোনো অবস্থাতেই ডিজিটাল প্রযুক্তির বিরূপ দিক রাষ্ট্র ব্যক্তি বা সমাজ জীবনকে প্রভাবিত করবে না। প্যারেন্টাল গাইডেন্স ব্যবহার করে অভিভাবকগণ শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিরূপ দিকটিও নিয়ন্ত্রণ করতে পারেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের সাথে সম্পর্কোন্নয়নের মাধ্যমে ক্ষতিকর উপাত্তসমূহ অপসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার শত শত বছর অতীতের পশ্চাদপদতা অপসারণ করে কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে আঠার বছরের শাসনের হাত ধরে বাংলাদেশ বিস্ময়কর সফলতা অর্জন করেছে। এই সময়ের মধ্যে অনেক উন্নত দেশও ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের সমান্তরালে আসতে পারেনি। তিনি কোভিডকালে শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের অর্জনের চিত্র তুলে ধরেন।
রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অভ্ ডেলিগেশন চার্লস হোয়াইটলে বক্তৃতা করেন।

Post Views: 580

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত