Print

Broadcasting News Corporation

শিপিং দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জনসংখ্যা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের নৌ পরিবহনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, শক্তি এবং পানির চাহিদা বাড়ছে, যা নৌ পরিবহণ, নবায়নযোগ্য শক্তি এবং সুনীল অর্থনীতির প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে তুলবে। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক নৌ দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। নৌবাণিজ্য খাতের বিশিষ্ট পেশাজীবী ও অংশীজনদের নিয়ে নৌপরিবহন অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য “নিউ টেকনোলজিস ফর গ্রিনার শিপিং”। আনিসুল হক বলেন, পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী পদ্ধতি হল শিপিং। শিপিং আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করে। বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ নৌপথে পরিবহন করা হয়। তিনি বলেন, এবারের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে এসডিজি ১৩ ও ১৪ তথা জলবায়ু, মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, এসডিজি ৯ তথা শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামো উন্নয়ন এবং এসডিজি ১৭ তথা লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ প্রতিটি সেক্টরে অসামান্য উন্নয়ন করেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে রপ্তানি ও আমদানিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায়, বহু বিলিয়ন ডলার মূল্যের একাধিক প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে রয়েছে নতুন জেটি এবং টার্মিনাল নির্মাণ, গভীর সমুদ্রবন্দর নির্মাণ ইত্যাদি। বাংলাদেশের জাহাজ নির্মাণের সম্ভাবনার কারণে বাংলাদেশকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সাথে তুলনা করা হয়েছে। উচ্চতর মেরিটাইম শিক্ষার জন্য বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে যা প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শিপিংয়ের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বুয়েটের অধ্যাপক মীর তারেক আলী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) এর কান্ট্রি ম্যানেজার মোঃ হারুনুর রশিদ প্রমুখ বক্তৃতা প্রদান করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পেট্রোলিয়াম এন্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তামিম। সেমিনারে বিষয়ভিত্তিক কারিগরি প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি মেরিটাইমের পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য মেরিটাইম অংশীজনদের মধ্য থেকে এবছরের সেরা পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

Post Views: 546

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত