Print

Broadcasting News Corporation

গ্রামীণফোনকে সেবার মান নিশ্চিত করতে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২২ , ১১:৪০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গ্রাহক ভোগান্তি নিরসনে মোবাইল সেবার মান নিশ্চিত করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। টেলিনর’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অভ্ এশিয়া জর্গেন সি আরেন্টজ রজট্রাপ এর নেতৃত্বে গ্রামীণফোনের একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এই নির্দেশ দেন। সাক্ষাৎকালে তারা মোবাইল সেবার মানোন্নয়ন ও ফাইভ জি সেবা চালু, দেশে স্মার্টফোন গ্রাহক শতভাগে উন্নীত করার কৌশল ও ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানব সম্পদের প্রয়োজনীয়তা এবং মোবাইল ইন্টারনেট সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের মাধ‌্যমে গ্রামীণফোন তাদের মোবাইলফোন সেবা অব‌্যাহত রাখবে এই আশাবাদ ব‌্যক্ত করে বলেন, সেবার মান যত বাড়বে কলড্রপ ভরতুকি তত কমে আসবে। গুগল কিংবা মাইক্রোসফট আজ জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে। উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া ডিজিটাল যুগে প্রতিযোগিতায় টিকে থাকা কারো পক্ষে সহজ হবে না। তিনি বলেন, এক সময় মানুষ ভয়েস কলের মধ‌্যেই সীমাবদ্ধ ছিলো, ডিজিটাল প্রযুক্তি বিকাশের ধারাবাহিকতায় এখন তারা ইন্টারনেটই নয় উচ্চগতির ইন্টারনেট চায়।
মন্ত্রী বলেন, মোবাইল সেবার মান নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে সম্ভাব‌্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ‌্যে আমরা চাহিদার মানদণ্ড বিবেচনায় রেখে প্রয়োজন মতো স্পেকট্রাম বরাদ্দ দিয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে মোবাইল অপারেটরসমূহ সহসাই গ্রাহকদের কাঙ্ক্ষিত মোবাইল সেবা প্রদানে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব‌্যক্ত করেন। এ সময় স্মার্টফোন ব‌্যবহারের হার শতভাগে উন্নীত করতে গ্রামীণফোনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ গ্রাহকগণ যাতে কিস্তিতে স্মার্টফোন কিনতে পারেন এমন উদ‌্যোগ নিলে তা হবে খুবই প্রশংসিত। জর্গেন সি আরেন্টজ রজট্রাপ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতা অর্জন, স্মার্টফোন প্রসার, ডেটা সিকিউরিটি, ডেটা প্রাইভেসি এবং আগামী এক বছরের মধ‌্যে গ্রামীণফোনের সক্ষমতা দ্বিগুণে উন্নীত করতে তাদের পরিকল্পনার বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন। তিনি মন্ত্রীকে গ্রাহক সেবার মান সমুন্নত রাখার প্রতিশ্রুতিও প্রদান রাখার করেন। একই সাথে তিনি ২০২১ ও ২০২২ সালের স্পেকট্রাম নিলামের প্রশংসা করেন।
প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন টেলিনরের হেড অভ্ এক্সটারনেল রিলেশন মনিষা দগরা, হেড অভ্ ইনভেস্টমেন্ট ম‌্যানেজমেন্ট ওলি জর্ন জুলস্টাড এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

Post Views: 561

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত