Print

Broadcasting News Corporation

ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণে কাজ করছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২২ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডাটা নিরাপত্তা অপরিহার্য। দেশের ডাটা দেশের ভেতর সংরক্ষণ অপরিহার্য। ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণে কাজ করছে, বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। স্মার্ট ক্লাউড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা ক্লাউড ডাটা সেন্টারের জন্য টাওয়ার শেয়ারিং, ফাইভ-জি সংযোগ, দেশের ডাটা দেশের মধ্যে রাখার প্রয়োজনীয়তা এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ক্লাউড সার্ভিসের প্রয়োজনীয়তাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের ডাটা দেশের মধ্যে সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, ডাটা হচ্ছে আগামী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তার কোনো বিকল্প নেই। ক্লাউড ডাটা সেন্টারের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ খুবই সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন। তিনি ডাটা ক্লাউডের মাধ্যমে আইওটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে উল্লেখ করে বলেন, ক্লাউড ডাটা সার্ভিস মোবাইল ফোনের তথ্য, ফটো বা ভিডিও, ই-মেইল, ডিজিটাল কমার্স, ওয়েব হোস্টিং ইত্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তনের সূচনা করবে। তিনি স্মার্ট সার্ভিস লিমিটেডকে ক্লাউড ডাটা সেন্টার প্রতিষ্ঠায় ফাইভ-জি সংযোগ ও টাওয়ার শেয়ারিংসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। মন্ত্রী এসময় স্মার্ট ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠার পাশাপাশি দেশের কৃষি ও মৎস্য খাতে আইওটি প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্টদের বিনিয়োগ করার আহ্বান জানান। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ (অব.), তারেক রফি ভুইয়া এবং মোঃ মইনুল ইসলাম মজুমদার।

Post Views: 514

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত