Print

Broadcasting News Corporation

মোবাইল গ্রাহকদের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রাহক বৃদ্ধির পাশাপাশি মোবাইল গ্রাহকদের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য। আমরা মোবাইল সেবার মান পরিবীক্ষণের সক্ষমতা অর্জন করেছি। এর ফলে মোবাইল অপারেটরসমূহের গ্রাহক-সেবার মানদণ্ড বিবেচনা করতে পারবো। তিনি গ্রাহক বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করতে মোবাইল অপারেটরসমূহকে প্রয়োজনীয় অবকাঠামো বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, গ্রাহক সন্তুষ্টি না থাকলে দিন শেষে ব্যবসায়ী ব্যর্থতা অনিবার্য। রবিবার ঢাকায় বিটিআরসির সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অভ্‌ সার্ভিস) পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অত্যাধুনিক বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, গ্রাহকের চাহিদা অপারেটরেরা অনেক ক্ষেত্রেই পূরণ করতে পারে না। তার কারণ হচ্ছে – ২০১৮ সালের স্পেকট্রাম এবং ২০২২ সালের স্পেকট্রাম এখনও রোল আউট করতে পারেনি। যার কারণে গ্রাহক সেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা অপারেটরদের চাপের মধ্যে রেখেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে সহসাই তারা তা রোল আউট করবে। তিনি বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের রেট নির্ধারণ করেছি, একদেশ এক রেট উদ্যোগ এসোসিও পুরস্কারে বাংলাদেশকে ভূষিত করেছে। আমরা মোবাইল ডেটার রেট নির্ধারণে কাজ করছি। তিনি অপারেটরদের উদ্দেশে বলেন, আপনি যখন প্যাকেজ বিক্রি করবেন তার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। বর্তমানে যে ব্যবস্থা তা গ্রহণযোগ্য নয়। মোবাইল ডেটার একটা ফিক্সড রেট থাকতে হবে। বর্তমান ডেটা রেট আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমাদেরকে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা ৪জি নেটওয়ার্ক পৌঁছে দেয়ায় মোবাইল অপারেটরদের ভূমিকার প্রশংসা করে বলেন, আমরা ফাইভ-জি যুগে প্রবেশ করেছি। ফাইভ-জি আমাদের জন্য মাইলফলক। তিনি উন্নত সেবা নিশ্চিত করতে টাওয়ার থেকে টাওয়ারে অপটিক্যাল ফাইভার সংযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে মন্ত্রীর নিকট এসোসিও পুরস্কার হস্তান্তর করা হয়। মন্ত্রী এই পুরস্কারকে বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন বলে উল্লেখ করেন। এর আগে মন্ত্রী কোয়ালিটি অভ্‌ সার্ভিস পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন করেন।

Post Views: 697

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত