Print

Broadcasting News Corporation

দক্ষিণ সুদান (আবেই) তে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ১০:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কেনিয়ার নাইরোবিতে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মোঃ মনজুর রহমান এর নামাজে জানাজা বৃহস্পতিবার (১০-১১-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় সেনাবাহিনী প্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সিজিএস মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে উক্ত সেনাসদস্যদের মরদেহ নিজ বাড়ী (বাউফল, পটুয়াখালী) প্রেরণ করা হয় এবং সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হবে। উক্ত সেনাসদস্য সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা, ব্যানব্যাট-১ এ কর্মরত ছিলেন। তিনি গত ২৭ অক্টোবর ২০২২ তারিখে Perianal Abscess রোগের কারণে লেভেল-১ হাসপাতাল, কাদুগলিতে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ০১ নভেম্বর ২০২২ তারিখ লেভেল-৩ হাসপাতাল, নাইরোবি, কেনিয়াতে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ০৩ নভেম্বর ২০২২ তারিখ (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ০৩ ঘটিকায় পেরিয়ানাল ফোঁড়া থেকে সৃষ্ট মাল্টি-অর্গান ডিস-ফাংশন ও সেপটিক শক জনিত কারণে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, প্রয়াত সেনাসদস্যের মরদেহ বৃহস্পতিবার (১০ নভেম্বর ২০২২) তারিখ বিকেল ৫টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩০ জন বাংলাদেশি সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৯টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে।

Post Views: 479

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত