Print

Broadcasting News Corporation

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২২ , ৮:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায়, মানামা সংলাপের সাইডলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থার মহাসচিব ড. নায়েম ফালাহ এম. আল-হাজরাফ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতার জন্য নিয়মিত আলোচনা করবে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ও জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, দক্ষতা উন্নয়ন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংকট ব্যবস্থাপনা, শান্তি ব্যবস্থাপনা, বনায়ন ও তথ্যপ্রযুক্তি সহযোগিতা, পিটিএ/এফটিএ-এর জন্য বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। জিসিসি মহাসচিব বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জিসিসির মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে যৌথ কর্মপরিকল্পনা, যৌথ ওয়ার্কিং গ্রুপ ও টেকনিক্যাল টিম, জয়েন্ট বিজনেস কাউন্সিল এবং জিসিসি ফোরামের মাধ্যমে কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রী জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

Post Views: 520

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত