Print

Broadcasting News Corporation

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশাধিকারের ওপর গুরুত্বারোপ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২২ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ওয়াশিংটন ডিসি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) -এর ৬ষ্ঠ সভা মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) ক্রিস্টোফার উইলসন যথাক্রমে বাংলাদেশ ও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে শ্রম সচিব মোঃ এহছানে এলাহী, কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার; যুক্তরাষ্ট্র হতে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকের উৎপাদন বন্টন; ‘বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন’; মেধাস্বত্ব অধিকার; গুণগত সার্টিফিকেশন অবকাঠামোর জন্য প্রযুক্তিগত সহযোগিতা; শ্রম বিষয় এবং আইডিএফসি অর্থায়ন। বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের ওপর গুরুত্ব আরোপ করেন। উভয় পক্ষই আমদানিকৃত মার্কিন তুলার বিষবাষ্পীকরণ ব্যাপারে আলোচনা করে। বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা থেকে তৈরি বাংলাদেশি পোশাকের রপ্তানির ওপর ‘শূন্য’ শুল্ক প্রস্তাব করে। মার্কিন প্রতিনিধিদল এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হন। মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশে মার্কিন বিনিয়োগের জন্য মুনাফা প্রত্যর্পণ সহজ করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদল ঢাকায় ফিরে বিষয়টি পরীক্ষা নিরীক্ষার আশ্বাস প্রদান করেন। সভায় প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইন, কৃষিতে বায়োটেকনোলজি, ইউএসএফডিএ-তে বাংলাদেশি ওষুধের নিবন্ধন সহজীকরণ, যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে ‘ট্রি নাট’ রপ্তানির উপর শুল্ক হ্রাস এবং বাংলাদেশের বীজ বাজারে মার্কিন প্রবেশাধিকারের জন্য বীজ আইনের বিধানকে সহজ করার বিষয়ে আলোচনা করা হয়। উভয় দেশের প্রতিনিধিদল ২০২৩ সালের অক্টোবরে ঢাকাতে ৭ম টিকফা সভা করতে সম্মত হয়।

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত