
ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সিলেট বিভাগের সকল সমস্যা দূর করা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও কোনো সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট বিভাগে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন, যা ইতিপূর্বে হয়নি। সকলেই সিলেট বিভাগের উন্নয়নে কাজ করছেন, ফলে সিলেট বিভাগের রেলপথ, আকাশপথ ও সড়কপথে সমভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী এসময় তাঁর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট বিভাগে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করেন। তিনি বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর বাওর জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকার্য বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার সবার উন্নয়ন হয়েছে। সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি ডক্টর আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এবং হবিগঞ্জের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত