Print

Broadcasting News Corporation

৩৪২ শ্রমিককে সহায়তার চেক দিলেন শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৩ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে রাজধানীসহ ঢাকা বিভাগের চার জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৩শ’ ৪২ জন শ্রমিককে প্রায় দুই কোটি ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শ্রমিক ও তাদের সন্তান-পরিজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানসমূহ লভ্যাংশের নির্দিষ্ট অংশের যে অর্থ জমা দেয় তা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা হয়। এ এফডিআর এর লাভের টাকা থেকে সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে। মূল জমা টাকায় হাত দিতে হয় না। তিনি বলেন, শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় শ্রম মন্ত্রণালয় শুধু গার্মেন্টস শ্রমিকদের সহায়তার জন্য কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকের মোট রপ্তানির শতকরা শূন্য দশমিক শূন্য ৩ ভাগ সরাসরি এ তহবিলে জমা হচ্ছে। এ তহবিলের অর্থ থেকে ২০১৭ সাল থেকে প্রায় ২শ’ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, চা শ্রমিকদের কল্যাণের জন্যও রয়েছে চা শ্রমিক ভবিষ্যৎ তহবিল। এ তহবিলেও বর্তমানে জমার পরিমাণ ৭শ’ ১৬ কোটি টাকা। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন, বাংলাদেশ শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া এবং মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী বক্তৃতা করেন।
এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন। মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হুসেইন, প্রধান ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এন্ড এইচ আর এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এক্সপার্ট মোহাম্মদ তাওহিদুল ইসলাম মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Post Views: 451

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত