Print

Broadcasting News Corporation

বাণিজ্য মেলায় প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ মিলেছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষের আগ্রহ অনেক বেড়েছে। অংশগ্রহণকারী বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। মেলায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থী এসেছেন। মেলায় কেনা-বেচা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। স্পট রপ্তানি আদেশ মিলেছে প্রায় ৩০০ কোটি টাকার। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত পূর্বাচল স্থায়ী মেলা কমপ্লেক্স বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক। মন্ত্রী বলেন, অনেকদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আড়াল করে রাখার অপচেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানতে দেয়া হয়নি, ভুল তথ্য দেয়া হয়েছিল। মেলায় একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, এর মাধ্যমে মেলার দর্শনার্থী এবং নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেয়া হয়েছে। রপ্তানি ক্ষেত্রে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিগত বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রকৃত রপ্তানি হয়েছিল ৬১ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটেগরিতে প্রথম পুরস্কার প্রদান করা হয় ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে, দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয় ১৩টি প্যাভিলিয়ন এবং স্টলকে, তৃতীয় পুরস্কার প্রদান করা হয় ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে। এছাড়া, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ক্যাটেগরিতে ৪টি প্রতিষ্ঠানকে, বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে, বেস্ট ফার্নিচার উৎপাদনকারী বা রপ্তানি প্রতিষ্ঠান হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে এবং ইনোভেটিভ পণ্য উৎপাদনকারী বা বিক্রেতা হিসেবে ২টি প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক এবং বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

Post Views: 521

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত