Print

Broadcasting News Corporation

গার্মেন্টসে পরিদর্শন চেকলিস্টে যুক্ত হচ্ছে আরো চারটি প্রশ্ন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গার্মেন্টস কারখানার পরিদর্শন চেকলিস্টে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন এবং মা ও শিশুদের জন্য বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালার আলোকে প্রাপ্য সুবিধা নিশ্চিতে নতুন চারটি প্রশ্ন সংযুক্তির সিদ্ধান্ত হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে ‘মাদার @ ওয়ার্ক প্রোগ্রাম’ এর আওতায় ইউনিসেফ সহযেগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সভায় সর্বসম্মতভাবে উক্ত সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী। প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের এই অবিস্মরণীয় উন্নয়নে নারী শ্রমিকদের অবদান অসামান্য। গার্মেন্টসে নারী শ্রমিকদের প্রসূতিকালীন এবং সন্তানের জন্মের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এসময় প্রতিটি নারী শ্রমিক এবং তাদের সন্তানের প্রাপ্য সুবিধাদি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শকগণ কারখানা পরিদর্শনে কর্মজীবী মা ও তাদের দুগ্ধপোষ্য সন্তানের অধিকার সুরক্ষায় নতুন সংযুক্ত প্রশ্নগুলোর উত্তর গুরুত্ব দিয়ে খুঁজবেন। বিদ্যমান শ্রম পরিদর্শন চেকলিস্টে প্রশ্ন রয়েছে একশ’টি। নতুন সংযুক্ত চারটি প্রশ্নের মধ্যে তিনটি অবশ্য পালনীয় এবং একটি ঐচ্ছিক। প্রশ্নগুলো বুকের দুধ খাওয়ানোর জন্য স্থান, বুকের দুধ খাওয়ানোর বিরতি, আর্থিক ও চিকিৎসা সুবিধাসমূহ এবং নিরাপদ কর্মের ব্যবস্থা সংক্রান্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা করিমের সভাপতিত্বে সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্মসচিব মোছা. হাজেরা খাতুন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হুসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশন এর ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জান রতনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বাংলাদেশ এমপ্লোর্য়াস ফেডারেশন, বিকেএমইএ, আইএলও এবং ইউনিসেফ এর প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্মমহাপরিদর্শক মোঃ মতিউর রহমান।

Post Views: 533

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত