Print

Broadcasting News Corporation

বাংলাদেশে পটাশিয়াম সার বিক্রি অব্যাহত রাখবে কানাডা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ১০:৪৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কানাডা বাংলাদেশে পটাশিয়াম সার বিক্রি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অবরোধের কারণে গত বছর পটাশিয়াম সার নিয়ে বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আমরা বেলারুশ থেকে পটাশিয়াম সার কিনতে পারিনি। তখন সরকারের প্রচেষ্টায় কানাডা আমাদেরকে জরুরিভিত্তিতে ৫ লাখ টন পটাশিয়াম সার প্রদান করে। যার ফলে রবি মৌসুমে ও চলমান বোরো মৌসুমে সার সংকট দেখা দেয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কানাডা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর এঞ্জেলা ডার্ক, ট্রেড কমিশনার কামাল উদ্দিন, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট কিম ডগলাস ও পরিচালক এন্টনি রিজক উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতে যে বিশাল অংকের ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তা পৃথিবীতে বিরল। অর্থনীতিতে যত চাপই আসুক, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ নিবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য, সার, বীজসহ কৃষি উপকরণ ও কৃষির সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী বিশাল অংকের ভর্তুকি দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, বাংলাদেশ-কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ও বাণিজ্য সহজতর করতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। কৃষিমন্ত্রীর সাথে বৈঠকে কানাডার প্রতিনিধিদল কানাডা থেকে ক্যানুলা আমদানির ক্ষেত্রে সয়াবিন ও পাম তেলের সমপরিমাণ আমদানি শুল্ক নির্ধারণের অনুরোধ জানান। বর্তমানে ক্যানুলা আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক সয়াবিন ও পাম তেলের দ্বিগুণ বলে তারা জানান। এছাড়া প্রতিনিধিদল বাংলাদেশে ডাল রপ্তানি, কৃষি প্রক্রিয়াজাতে সহযোগিতা এবং বাংলাদেশ থেকে শাকসবজি নেয়ার কথাও জানান। এসময় বিএনপির চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি গত ১৪ বছরে আন্দোলন করে ব্যর্থ হয়েছে, সরকারের পতন ঘটাতে পারেনি। জনগণের সমর্থনও আদায় করতে পারেনি। তিনি বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপি যতই আন্দোলন করুক, বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Post Views: 631

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত