Print

Broadcasting News Corporation

বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১০:০৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, অতীতে দেশদখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে আর তা দরকার হয় না, এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। জ্ঞানই আলো এবং সমৃদ্ধির উৎস জানিয়ে তিনি বলেন, জ্ঞানের আধার হচ্ছে বই এবং লাইব্রেরি। শনিবার জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বই হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, বইপাঠের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। এ সময় তিনি আরো বলেন, বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা এবং স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জ্ঞানের এই অগ্রসরতাই সভ্যতাকে এগিয়ে নেয়। এ সময় তিনি বইপাঠের সাথে সাথে সবাইকে তথ্যপ্রযুক্তি জ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করারও আহ্বান জানান। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত আলোকিত প্রজন্ম গড়ে তুলতে চাই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে ৮৭২টি পাঠাগারকে অনুদান প্রদান করছি এবং খুব দ্রুত এর পরিধি বৃদ্ধি করতে চাই। প্রতিমন্ত্রী বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ১০০টি সেলুন লাইব্রেরি চালু করেছি, যা পুরোপুরি সফল হয়েছে। তিনি বলেন, আমরা গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজিটালাইজেশন প্রকল্প হাতে নিয়েছি যেখানে সরকারি পাঠাগারের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগারসমূহও সংযুক্ত থাকবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ ও ট্রাস্টি এর সভাপতি মালিক খসরু।

Post Views: 636

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত