Print

Broadcasting News Corporation

রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১০:১০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক, সংগৃহীত চিত্র।

ধনবাড়ী, টাঙ্গাইল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। ছাত্রছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সকল মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আরো উন্নত করতে হবে। অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম বাচ্চু, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন। পুনর্মিলনীতে ৭৫ বছরের পুরানো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন। এছাড়া, মন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন।

Post Views: 455

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত