Print

Broadcasting News Corporation

পড়াশোনা খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সমন্বয়ে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৯:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সমন্বয়ে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। সে ধরনেরই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ যেখানে এ তিনটি বিষয়ের সুষম সমন্বয় ঘটেছে। সুপরিসর ক্যাম্পাস, নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, মানসম্পন্ন পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা কলেজটিকে রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে। প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বটতলা প্রাঙ্গণে কলেজের ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ সৈয়দা নুরুন নাহার। শুভেচ্ছা বক্তৃতা করেন ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩’ এর আহ্বায়ক ও কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাবেরা সুলতানা। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেন, সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও পরিস্ফুটন ঘটায়। সপ্তাহব্যাপী আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সংস্কৃতিমনস্ক সুনাগরিক হিসেবে গড়ে তুলবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী পরে কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ী হাউসের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের সাতটি হাউসের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, দলীয় অভিনয়, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক সংগীত, পল্লীগীতি, সমকালীন সংগীত, দেয়াল পত্রিকা এবং চারু ও কারুকলা বিষয়ে অংশগ্রহণ করে। জুনিয়র শাখায় ৩টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়নুল আবেদিন হাউস এবং রানার আপ হয়েছে কুদরত-ই-খুদা হাউস। সিনিয়র শাখায় ৪টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নজরুল ইসলাম হাউস এবং রানার আপ হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হাউস।

Post Views: 412

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত