Print

Broadcasting News Corporation

বাংলাদেশ ভাষা শহিদ ও মুক্তিযুদ্ধের চেতনা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

বিরল, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি রচনা করেছিলেন। পরবর্তী সরকার ক্ষমতায় এসে এ কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, যারা মাতৃভাষাকে সংরক্ষণ করে না, মাতৃভাষাকে শ্রদ্ধা জানায় না, যারা মাতৃভাষাকে রাজনৈতিক স্বার্থ হিসেবে ব‍্যবহার করে তারাই আজকে শহিদ মিনারে আসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা বর্ণচোরা। তাদের শ্রদ্ধা এই জায়গায় নয়, তাদের শ্রদ্ধা অন‍্য জায়গায়। প্রতিমন্ত্রী মঙ্গলবার দিনাজপুরের বিরল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতিকে একটি সংগ্রামী জাতিতে পরিণত করেছিলেন এবং অগ্রসরমান জাতি হিসেবে তিনি রূপরেখা দিয়েছিলেন। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় গেছি। ভাষার জন‍্য যারা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন এবং যারা এখনো বেঁচে আছেন তাঁরা গর্ব করে বলতে পারেন তাঁদের সংগ্রামের চেতনা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র পৃথিবী তাঁদের সংগ্রামের কথা জানতে পারছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ স্বাবলম্বী দেশ। আমরা যাদের সাথে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছে ‘পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে’। এ দেউলিয়া হওয়ার মধ‍্য দিয়ে প্রমাণ করে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এবং ভাষার জন‍্য যে রক্ত দিয়েছি সে রক্ত বৃথা যায়নি। সে রক্ত আজকে সত‍্য প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ, ভাষা শহিদ ও মুক্তিযুদ্ধের চেতনা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন‍্যান‍্যরে মধ‍্যে বিরল উপজেলা পরিষদের চেয়ারম‍্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

Post Views: 446

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত