Print

Broadcasting News Corporation

পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের স্মরণে শাহাদতবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২৩ , ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহিদদের স্মরণে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বাদ ফজর হতে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত শহিদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদসমূহে খতমে কোরআন আয়োজন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিজিবি’র সকল স্থাপনায় রেজিমেন্টাল পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি’র সকল সদস্য কালোব্যাজ পরিধান করে। সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহিদদের নিকট আত্মীয়দের নির্বাচিত প্রতিনিধি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বাদ আসর পিলখানাস্থ বিজিবি কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদে এবং বাদ মাগরিব বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের সকল মসজিদ ও বিওপি পর্যায়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজিবি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহিদদের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব শহিদদের পরিবার কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিজিবি’র মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 507

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত