Print

Broadcasting News Corporation

জাতীয় বিমা দিবসে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুধবার ১ মার্চ ‘জাতীয় বিমা দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় বিমা দিবস ২০২৩’ উপলক্ষ্যে আমি বিমা প্রতিষ্ঠানসহ বিমা শিল্প সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে স্বাধীন বাংলাদেশে বিমা শিল্পের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে যোগদানের মাধ্যমে বিমাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। এ দিনটি স্মরণে প্রতিবছর ১ মার্চ জাতীয় বিমা দিবস পালন বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিমা শিল্পের উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে। বিমা জীবন ও সম্পদের নিরাপত্তা দিয়ে মানুষের জীবনকে করে গতিশীল ও ছন্দময়। পুঁজি গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বিমা শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিমা শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম বিকাশমান খাত। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বিকাশ ঘটছে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের। ফলে দেশে বিমা শিল্পের গুরুত্ব ও পরিধি দিন দিন বেড়ে চলছে। বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিমাকে জনপ্রিয় করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। এ জন্য সকল স্তরের জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক নতুন নতুন বিমা পরিকল্পনা চালু করা প্রয়োজন। পাশাপাশি বিমা সেবাকে একটি নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা বিধানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার জন্য বিমা প্রতিষ্ঠানসমূহকে আরো নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রাহকের বিমা দাবি যথাসময়ে পরিশোধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিসমূহ প্রতিপালন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও গ্রাহকবান্ধব সেবা প্রদানে এগিয়ে আসতে আমি বিমা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি ‘জাতীয় বিমা দিবস ২০২৩’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

Post Views: 359

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত