Print

Broadcasting News Corporation

শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে এগিয়েছে দেশ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।’ রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এই সময়কালে প্রত্যেকটি খেলা, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন, সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’ মন্ত্রী আরো বলেন, ‘কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভুক্ত হবে এটি ১০-১৫ বছর আগে কেউ ভাবেনি। আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে একজন উৎসাহী দর্শকের মতো খেলা দেখেন। এবং আমাদের খেলায়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন খেলোয়াড়রা যেমন উদীপ্ত হয়, দেশের মানুষ যেমন উদীপ্ত হয়, তার চেয়েও বেশি খুশি হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’ কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে ক্রীড়ামোদী হাছান মাহ্মুদ বলেন, ‘আমাদের আবহমান বাংলার গ্রামের একটি খেলাকে আন্তর্জাতিক করতে পেরেছেন, এ জন্য কাবাডির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এ দেশের একজন নাগরিক হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই।’ হাছান মাহমুদ এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন, সাম্প্রতিককালে এটিই সবচেয়ে বড় আয়োজন, কারণ সার্ক টুর্নামেন্টেও এতো দেশ অংশ নেয় না। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণার পর সমবেত টুর্নামেন্টের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। পুলিশ ও কাবাডি ফেডারেশনের সম্মিলিত দলের শৈল্পিক কসরত প্রদর্শন শেষে গ্রুপ- এ’র বাংলাদেশ-পোল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু হয়। অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন। বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। ২০২১ সালে ৫টি দেশ ও ২০২২ সালে ৮টির পর এবার ১২টি দেশ দু’টি গ্রুপে খেলায় অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ বি’তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

Post Views: 544

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত