Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২৩ , ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৯, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সাক্ষাৎ করেছেন। রবিবার বঙ্গভবনে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা পত্র হস্তান্তর করেন। শুভেচ্ছা পত্রে সৌদি বাদশা বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি সম্প্রতি সৌদি আরবের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, এ সফরের ফলে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সফরকালে যে সমস্ত চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগকারীদের আরো বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ । রোহিঙ্গা ইস্যুতে সৌদি আরবের সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে সৌদি আরব জোরালো ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
পরে, শ্রীলংকার হাইকমিশনার সুদর্শন সেনেভিরত্নে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে বিদায়ি সাক্ষাৎ করেন। শ্রীলংকার বিদায়ি হাইকমিশনার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। সফলভাবে দায়িত্ব পালনের জন্য শ্রীলংকার বিদায়ি হাই কমিশনারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 615

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত