Print

Broadcasting News Corporation

ছিনতাই হওয়া টাকাসহ ৫জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৩ , ৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের হালুয়াঘাটে প্রকাশ্য দিন-দুপুরে ফিল্মি স্টাইলে একদল অস্ত্রধারী এক দোকান কর্মচারীকে জিম্মি করে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডাকাতদের হাতে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে এসময় ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকাও উদ্ধার করে পুলিশ। এ ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, ইলিয়াস (২৭), রফিকুল ইসলাম (২৬), ফাহিম (২০), রিপন মিয়া (২৫) এবং আরাফাত হোসেন আকাশ (২৪)। তারা সবাই হালুয়াঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দলটির সদস্যরা। এর মধ্যে রিপন ও আকাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
এর আগে, সোমবার (২৭ মার্চ)হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার এলাকায় মিজবাহুল হক নামের একজনকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় একদল ডাকাত। তিনি স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামালের দোকান কর্মচারী হিসাবে কর্মরত আছেন। বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, ফালগুণি নন্দি, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রমুখ। এসপি জানান, গত ২৭ মার্চ হালুয়াঘাটের নাগলা বাজার থেকে ১২ লক্ষ টাকার ব্যাগ নিয়ে স্থানীয় ধারা বাজারের রূপালী ব্যাংকে জমা দিতে যাত্রীবাহী মাহেন্দ্র-যোগে যাচ্ছিলেন দোকান কর্মচারী মিজবাহুল হক। এ সময় অস্ত্রধারী একদল ডাকাত গড়পাড়া নামক স্থানে দেশীয় অস্ত্র নিয়ে জিম্মি করে মিজবাহুলের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে মিজবাহুল বাধা দিলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা। এ ঘটনায় গত মঙ্গলবার (২৮ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা কামাল হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করে। এদের মধ্যে আসামি ইলিয়াস ও রিপন মিয়া হালুয়াঘাট থানার একাধিক মামলার আসামি। পুলিশ সুপার আরও জানান, ডাকাতির ঘটনায় মোট ৮ জনের তথ্য পাওয়া গেছে। বাকি তিন সদস্য ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

Post Views: 593

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত