Print

Broadcasting News Corporation

নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা ও বাংলাদেশ বিজয়ী হয়

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৩ , ৮:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শরীয়তপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নৌকার প্রার্থীরা আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হবেন। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। অতীতের যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ ও জনপ্রিয়। সুতরাং ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে পরাজিত করা সম্ভব না। এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থেই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে জনগণ। সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার সখিপুর থানার চরসেনসাস ও আরশিনগর ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও গণসংযোগ-কালে উপমন্ত্রী এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালে আমাকে নৌকা প্রার্থী করার পর আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এরপর আমাকে পানি সম্পদ উপমন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইতো এই পাঁচ বছরে নড়িয়ায় এখন আর নদী ভাঙন নেই, সেখানে পর্যটন এলাকা গড়ে উঠেছে। নড়িয়া সখিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও স্টেডিয়াম হচ্ছে। নড়িয়া-সখিপুরে কোনো মারামারি হানাহানি নেই, শান্তির জনপদে পরিণত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। কারণ, এর সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 717

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত