Print

Broadcasting News Corporation

প্রবাসীদের সেবা প্রদানে সবাইকে আন্তরিক হতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৪ , ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে সবাইকে আন্তরিক হতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে অধিক সংখ্যক কর্মী প্রেরণ করে রেমিট্যান্স বৃদ্ধির চেষ্টা করব। দেশাত্মবোধ ও সেবকের মনোভাব নিয়ে প্রবাসীদের সেবা দিতে হবে। প্রতিমন্ত্রী রবিবার (১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে প্রথম কর্ম-দিবসে সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময়-কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। মতবিনিময়ের শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমন্বিত উদ্যোগ গ্রহণ করে অভিবাসন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যাতে কোনো অপশক্তি প্রভাবিত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে স্মার্ট মানসিকতা লালন করতে হবে। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নতুন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়াও তিনি নানা শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যম-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানসহ মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Post Views: 416

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত