Print

Broadcasting News Corporation

বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চারবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করেছেন। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে এই দেশ নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। এই দেশ সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে। শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ফরিদপুরের আলীপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ এবং ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
মন্ত্রী বলেন, আজকের বিশ্ব শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে পুনরায় দেশ পরিচালনার ভার নিয়েছেন। তাঁর বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র আছে। ঐক্যবদ্ধভাবে সামনের এই দৃশ্যমান দুঃসময় মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। তিনি আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ-মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মোঃ আব্দুর রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হবার পর আমি গর্বিত না, অহংকারী না, আমি আরও বেশি বিনয়ী হয়েছি। সারা জীবনের রাজপথের একজন কর্মী হিসেবে, সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের সংকট-সম্ভাবনায় সেই চিরপরিচিত মিছিলের সামনে দাঁড়িয়ে এই কণ্ঠে জয় বাংলা স্লোগান ধ্বনিত করেছি, জয় বঙ্গবন্ধুর কথা বলেছি। সেই আব্দুর রহমানের কাছে তার সংবর্ধনার মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান মনে হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর কাছে আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই, এর বাইরের কোন পরিচয় আমার কাছে স্বাচ্ছন্দ্যের পরিচয় না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এ সময় সৎভাবে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহের আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Post Views: 433

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত