Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত হয়ে পুরো দেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৪ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় রাজস্ব বোর্ডের কর নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়িত হয়ে পুরো দেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। রাষ্ট্রের কাজ শুধু অবকাঠামো নির্মাণ নয়, রাষ্ট্রকে কল্যাণকর ভূমিকায় অবতীর্ণ হতে হয়। সে পথ পরিক্রমা চলমান আছে। কর ধার্যের বিষয়টি বেশ প্রাচীন। সভ্যতার আদি থেকে এর সম্পর্ক। প্রাচীনকালে কর ধার্যের কারণটা ছিল রাজ পরিবার, রাজ কর্মচারী এবং ভৌগোলিক সীমানা সুরক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের বেতন ভাতা জোগান দেওয়া। কর ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন সাধিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। সেখানে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটা ব্যাপকভাবে সামনে চলে আসে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল দশটায় রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের দেশটা হয়তো এখনো সেই পর্যায়ে যেতে পারেনি। প্রতিটা নাগরিক আর্থিক ব্যবস্থা সেভাবে সুসংগঠিত করতে পারেনি। তারপরও রাষ্ট্র অনেকগুলো কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে আছে শিক্ষা সম্প্রসারণ, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে- বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য বণ্টন ব্যবস্থা, স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ। বেশ কিছু দিন আগেও আমাদের দেশে অনেক মানুষ অনাহারে থেকেছে সারা দিন কোনো খাবার জোটেনি। আমাদের আর্থিক ব্যবস্থা সুসংগঠিত করার মাধ্যমে আমরা সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। এ সময় রাজশাহী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যেগুলো অতি জরুরি, তা দ্রুত এগিয়ে নেয়ার আশ্বাস দেন তিনি। রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রাজশাহী কর আপীল অঞ্চলের কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবুল ওয়াহেদ। অনুষ্ঠানে ধারণা-পত্র উপস্থাপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার মোঃ নূর উদ্দিন। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post Views: 357

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত