Print

Broadcasting News Corporation

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ গণপূর্ত মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংগৃহীত চিত্র।

ব্রাহ্মণবাড়িয়ার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, যেসব অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদদারি ও অতি মুনাফার চেষ্টা করবে তাদেরকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। শুধু জরিমানা নয়, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সন্ত্রাস ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খোন্দকার মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বিএনপি-জামাত জোটচক্রকে ইঙ্গিত করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছে। এরপরও আন্দোলনের নামে যদি তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তবে তা সহ্য করা হবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে মন্ত্রী জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Post Views: 659

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত