Print

Broadcasting News Corporation

পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উপাদানে নির্মিত হবে সরকারি স্থাপনা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৪ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ-বান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসমূহের নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।
বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর খিলগাঁও-এর গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকার মানুষের অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রটিতে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হবে পরিবেশ-বান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল। এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নিনির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেলথ কেয়ার, টয়লেট, ব্যায়ামাগার, গোসলখানা, লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ২, ৩ ও ৪ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দু’টি গাছের চারা রোপণ করেন।

Post Views: 415

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত