Print

Broadcasting News Corporation

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী, সংগৃহীত চিত্র।

ক্যানবেরা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশিদেরও এ ক্ষেত্রে উৎসাহিত করার আহ্বান করেছেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণেরও আহ্বান জানান। হাইকমিশনার শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ বিষয়ক এক সেমিনারে এ আহ্বান করেন। হাইকমিশনার বলেন, দীর্ঘমেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে। তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আল্লামা সিদ্দীকী উল্লেখ করেন, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। সেমিনারে উপস্থিত বক্তারা সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের জন্য পৃথক স্কিম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিকে সহজতর করারও অনুরোধ করেন। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মোঃ সালাহউদ্দিন সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

Post Views: 540

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত