Print

Broadcasting News Corporation

গণমাধ্যমের উন্নয়নে দিনাজপুরে আঞ্চলিক তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত সভায় দিনাজপুর জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির ও রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া। সভায় সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ বলেন, সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ। গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সাংবাদিকগণ হলেন এই চতুর্থ স্তম্ভের পরিচালক। সাংবাদিকগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন। সাংবাদিকতার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিস্থিতিগত পরিমিতিবোধ বজায় রাখতে হবে। সাংবাদিকদের সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এবং কোনোভাবেই তথ্যকে হত্যা করা যাবে না। তিনি লেখক-স্বত্ব ও কপিরাইট আইন মেনে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি, সংবাদ লেখার ক্ষেত্রে ভাষাসংক্রান্ত প্রচলিত ভুল ও করণীয়, সংবাদপত্রের মান উন্নয়নে করণীয়, সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান-প্রাপ্তির আবেদন প্রক্রিয়া, সম্পাদক ও বার্তা সম্পাদকদের দায়িত্ব, ফিচার লেখার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয় আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা ও কর্মশালা আয়োজন করা প্রয়োজন। এ ধরনের আয়োজন করা হলে গণমাধ্যমের উন্নয়ন হবে এবং সাংবাদিকগণ উপকৃত হবেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও স্থানীয় পত্রিকাসমূহ নিয়মিত প্রকাশিত হচ্ছে। সাংবাদিকগণ স্থানীয় সংবাদপত্রের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন।

Post Views: 547

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত