Print

Broadcasting News Corporation

স্পেশাল অলিম্পিকের জন্য আলাদা বাজেট রাখা হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরা স্পেশাল অলিম্পিকে রেকর্ড সংখক পদক জয় করে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনে। তাই এই গেমসের জন্য মন্ত্রণালয় থেকে আলাদা বাজেট রাখা হবে। মন্ত্রী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ডস গেমস্ বার্লিন-২০২৩’ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের নিয়েই দেশের উন্নয়নে বিশ্বাসী। আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা বাস্তবায়নের জন্য স্মার্ট নাগরিক দরকার। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সকল ধরনের সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে স্মার্ট নাগরিকে পরিণত করতে হবে। মন্ত্রী বলেন, ১৫ বছর আগেও অটিজম কথাটার সঙ্গে কেউ পরিচিত ছিল না। অটিজম আক্রান্ত শিশুর পরিবার, অনেকক্ষেত্রে চিকিৎসকরাও এর সঙ্গে পরিচিত ছিল না। এই শিশুদের অভিশাপ হিসেবে চিন্তা করা হতো এবং বাবা মায়েরা একটি অভিশপ্ত জীবনযাপন করতেন। প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের কারণে এ বিষয়ে সারাদেশের মানুষ সচেতন হয়েছে। এখন দেশের মানুষ জানে অটিজম কী, তাদের চিকিৎসার জন্য কী কী করতে হবে, কোথায় যেতে হবে। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও বিনোদনের জন্য অনেক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, দেশে এখন একেকজন একটা করে অটিজম স্কুল খুলছে। সঠিকভাবে স্কুল খুলছে কি না, সেখানে এ জাতীয় স্কুলের প্রয়োজন আছে কি না এবং যারা স্কুল প্রতিষ্ঠা করছে তারা নীতিমালা মেনে করছে কি না সংশ্লিষ্টদের দেখতে হবে। মন্ত্রী বলেন, সরকার বিশেষ স্কুলের ক্ষেত্রে কোনো ধরনের আপস করবে না। বিশেষভাবে সক্ষম শিশুদের বিদ্যালয়ের মানের বিষয়ে কোনো আপস নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়ের পাঠ্যক্রম নতুন পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। এর আগে মন্ত্রী বার্লিন স্পেশাল অলিম্পিক ২০২৩’-এ পদক বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ঢাকা এর চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Post Views: 670

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত