Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বদলে যাওয়া একটি দেশের নাম। যে বাংলাদেশ এক সময় বিশ্বে পরিচিত ছিল বন্যা, খরা, দুর্ভিক্ষ ও দারিদ্র্য-পীড়িত দেশ হিসেবে, সে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশকে একটি অমিত সম্ভাবনার দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যা একসময় অকল্পনীয় ছিল। শত ষড়যন্ত্র ভেদ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এখন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের রয়েছে অগ্রগামী ভূমিকা। মন্ত্রী আরও বলেন, আমাদের যুব সমাজ অত্যন্ত মেধাবী। তারা পারে না এমন কোনো কাজ নেই। এজন্য তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চতুর্থ শিল্প-বিপ্লবের সাথে সঙ্গতি রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হবে। আর এ সকল প্রশিক্ষণে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির ওপর বেশি গুরুত্বারোপ করা হবে। কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ। এর পূর্বে মন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

Post Views: 553

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত