Print

Broadcasting News Corporation

কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরি ও নির্মাণশিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) Nardia Simpson। সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে সচিবালয়ে সাক্ষাৎকালে হাইকমিশনার এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অবকাঠামো নির্মাণ করতে হয়। এর সাথে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হয়। ফলে টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত মেয়াদে প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান। এছাড়া পরিবেশ সুরক্ষার জন্য তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। মন্ত্রী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তার পরামর্শ ও প্রস্তাব সাদরে গ্রহণের আশ্বাস দেন। একই দিন মন্ত্রণালয়ে গৃহায়ন মন্ত্রীর সাথে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দেশের আবাসন খাতে বিদ্যমান সমস্যা, সমস্যা থেকে উত্তরণে বিভিন্ন পন্থা সম্পর্কিত গবেষণালব্ধ সুপারিশ ও পরার্মশসমূহ সম্পর্কে আলোচনা করেন। আলোচনাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্ল্যানারদের অন্তর্ভুক্ত করার বিষয়ে উল্লেখ করলে মন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সকল উন্নয়ন কর্তৃপক্ষের জনবল কাঠামো এবং সকল উন্নয়ন প্রকল্পে প্ল্যানার ও পরিবেশবিদ অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আলাপকালে মন্ত্রী দেশের নগরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের পরিকল্পিত উন্নয়ন সম্পর্কে তার গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। এক্ষেত্রে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সুপারিশ ও প্রস্তাবসমূহ তিনি সক্রিয় বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন উপস্থিত ছিলেন।

Post Views: 528

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত