Print

Broadcasting News Corporation

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়ানোর আহ্বান যুব ও ক্রীড়ামন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। মন্ত্রী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে ৫টি ক্রীড়া ফেডারেশনের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই খেলাধুলার মাঠ রয়েছে। আমাদের সময়ে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চা হতো। যদি দাবা বা এথলেটিক্স এর কথা বলি, এটি স্কুল পর্যায়েই সব থেকে বেশি চর্চা বা বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। এখান থেকে যারা ভালো করতো, তারা পরবর্তীতে জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা কমে গেছে। এ কারণে জাতীয় পর্যায়ে আগের মতো ভালো খেলোয়াড় উঠে আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। নাজমুল হাসান বলেন, যে ফেডারেশনই ভালো ফলাফল অর্জন করবে, তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ও সম্ভাবনার ওপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার লিস্ট তৈরি করবো। তারপর আমরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো। ক্রীড়াকে এগিয়ে নিতে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কর্পোরেট বডির সাথেও বৈঠকে বসবেন বলে তিনি জানান। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন বলেও জানান মন্ত্রী। এর পূর্বে মন্ত্রী কাবাডি, দাবা, জিমন্যাস্টিক, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষে প্রধান তথ্য কমিশনার ও সভাপতি ড. আব্দুল মালেক, দাবা ফেডারেশনের পক্ষে সভাপতি ও সাবেক আইজিপি ড. বেনজির আহমেদ, জিমন্যাস্টিক ফেডারেশনের পক্ষে শেখ বশির আল মামুন, হ্যান্ডবল ফেডারেশনের পক্ষে সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল এবং কাবাডি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্টোপলিটনের পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিভিন্ন দিক তুলে ধরেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post Views: 717

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত