Print

Broadcasting News Corporation

কেন্দ্রে অনিয়ম হলে তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোট-গ্রহণ তাৎক্ষণিক-ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এনালগ পদ্ধতি বাতিল করে প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করতে আইন প্রণয়ন করা হবে।’ পরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে মসিক নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। প্রার্থীদের অভিযোগ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমে অনিয়ম একেবারেই অসম্ভব, এটা বিজ্ঞানের বিষয়। এতে একজনের ভোট আরেকজনের প্রতীকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি তাই হতো তাহলে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীরা বিজয়ী হতেন না।’ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ ও এক লাখ ৭২ হাজার ৬৫৫ নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নগরীর ১২৮টি ভোটকেন্দ্রে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে। মসিক নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৬৯ জন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Post Views: 443

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত