Print

Broadcasting News Corporation

সিউলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন

প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৭, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সিউল, দক্ষিণ কোরিয়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ দূতাবাস সিউলে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠানে জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ সম্পর্কে বলেন, এ ভাষণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাঙালি জাতিকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করেছিল। তিনি আরো বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য বিরল সম্মান ও গৌরবের বিষয় এবং ঐতিহাসিক এ ভাষণ শুধু আমাদের জন্য নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

Post Views: 631

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত