Print

Broadcasting News Corporation

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৪ , ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেটে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নারী সমাবেশ, র‍্যালি, নারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণ ভাতা বিতরণ ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ছিল-নারীর সমঅধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ। শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম, জেলার সচেতন নাগরিক সমাজের সভাপতি এডভোকেট সৈয়দা শিরিন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র-বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমঅধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। বক্তারা বলেন, এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ।

Post Views: 472

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত