Print

Broadcasting News Corporation

চাহিদা অনুযায়ী রেল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী রেলকে স্বয়ংসম্পূর্ণ ও গতিশীল করে এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রেলের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলকে জন-বান্ধব পরিবহনে পরিণত করে প্রত্যেক জেলায় রেল সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের পরিচালন এবং উন্নয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, রেলের অনেকগুলো সমস্যা রয়েছে, এর মধ্যে অন্যতম সমস্যা হলো জনবল সংকট, জনবলের কারণে রেলে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। সৈয়দপুরসহ রেলের সকল কারখানাগুলোতে লোকবল কম থাকায় উৎপাদন আশানুরূপ হচ্ছে না। লোকো মাস্টার, স্টেশন মাস্টারের অভাবে অনেকগুলো স্টেশন বন্ধ হয়ে আছে। নতুন নিয়োগের মাধ্যমে লোকবল সংকট পূরণ করার কাজ চলমান রয়েছে, আশা করি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নিয়োগ প্রদানের মাধ্যমে সংকট সমাধান করতে পারব। মন্ত্রী বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। রেলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জনগণকেও এ বিষয়ে সোচ্চার হতে হবে । যাত্রীদের যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল জনগণের মন জয় না করে, তাঁদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। এজন্য জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশটাকে পেয়েছি, তাই আমাদের সকলের মনে দেশপ্রেম থাকতে হবে । দেশের সম্পদ রক্ষা করাও আমাদের দেশপ্রেমের একটা অংশ, কিন্তু কিছু দুষ্কৃতকারী আমাদের রেলের ওপর নাশকতা করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে , রেললাইন কেটে ফেলে রেল দুর্ঘটনা ঘটাচ্ছে, বিভিন্নভাবে দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করছে। সাংবাদিকরা হলো জাতির বিবেক, নাশকতা থেকে রেলকে রক্ষা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা করার অনুরোধ করেন মন্ত্রী।

Post Views: 662

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত