Print

Broadcasting News Corporation

বায়ুদূষণ রোধে ৪৫৮টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের ১০০ কর্ম-দিবসের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ১০ মার্চ পর্যন্ত ৪৫৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটার ট্রাকারের মাধ্যমে অধিক দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ব্যবহার করার কারণে কর্মকর্তাদের নিজস্ব পছন্দে ইটভাটা বাছাই করার সুযোগ থাকবে না। মঙ্গলবার (১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় পরিবেশমন্ত্রী বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্মাণ-কালীন দূষণ, কালো ধোয়া নির্গমন-কারী পরিবহণ ও কলকারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রাখার নির্দেশ প্রদান করেন। তিনি এ সময় সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারের সংশোধিত রোডম্যাপ ঘোষণা এবং ব্লকের উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
কর্মসূচিতে উল্লিখিত সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা, অনলাইন ইটিপি মনিটরিং, ইপিআর গাইডলাইন ও ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান মন্ত্রী। জনগণের প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পূরণে অগ্রাধিকার কর্মসূচির সময়োচিত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 462

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত