Print

Broadcasting News Corporation

ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের জনগণের কল্যাণে কাজ করছেন

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৪ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন-কালে মন্ত্রী এসব কথা বলেন। এখানে ১শ’ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২ টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে ৭ দিনব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে। মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবী মানুষেরা যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, উপজেলা প্রাণিসম্পদ ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।

Post Views: 777

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত