Print

Broadcasting News Corporation

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশন প্রধানের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো (Heru Hartanto Subolo) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (International Organization for Migration) মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ (Abdusattor Esoev) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (০১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেন। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী ড. হাছান ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং দেশটির নেতৃত্বকে শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে বাণিজ্যের উচ্চ সম্ভাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে পাম অয়েল শোধনাগার এবং পণ্যের বাজার প্রতিষ্ঠায় ইন্দোনেশিয়ার বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, দেশে একশত ইকোনমিক জোন বিনিয়োগের জন্য প্রস্তুত। হাছান মাহমুদ এ সময় জোরপূর্বক বাস্তু-চ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনের সুবিধার্থে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য ইন্দোনেশিয়া এবং আসিয়ানের প্রতি আহ্বান জানান। আইওএম মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ বাংলাদেশের সাথে সংস্থার সম্পর্কের সূত্রপাত থেকে আজ অবধি কার্যক্রমের বৃত্তান্ত সংক্ষেপে তুলে ধরেন। মন্ত্রী আইওএম’কে ধন্যবাদ জানান এবং বাস্তু-চ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে বর্ণনা করেন। পাশাপাশি ক্লাইমেট মাইগ্র্যান্টস বা জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুতদের বিষয়ে আইওএমের দৃষ্টি আকর্ষণ করেন। আইওএম মিশন প্রধান এ বিষয়গুলোতে তাদের জোর তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

Post Views: 707

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত