Print

Broadcasting News Corporation

বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

গজারিয়া, মুন্সিগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাক চাপায় নিহত বন বিভাগের কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় দেয়া হবে না। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে। অতীতে সংঘটিত এ জাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য একটা বিশেষ বার্তা দেয়া হবে। রবিবার (০৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) পরিবেশ ও বন মন্ত্রী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে তার বাসভবনে কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাকের (ডাম্পার) চাপায় নিহত বন বিভাগের বিট অফিসার মোঃ সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর-কালে এসব কথা বলেন। বন বিভাগের কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হলে তিনিও শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, মোঃ সাজ্জাদুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবার যাতে আর্থিক সংকটে না পড়ে সেজন্য মাস্টার্স পাস তার স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে। মন্ত্রণালয় ও বন বিভাগ সবসময় তার পরিবারের পাশে থাকবে। এসময় মন্ত্রী নিহত বিট অফিসার মোঃ সাজ্জাদুজ্জামানের পিতার নিকট মন্ত্রণালয় ও বন বিভাগের পক্ষ হতে চেক ও নগদে মোট ১৫ লাখ টাকা হস্তান্তর করেন। পরে মন্ত্রী নিহত বিট অফিসারের কবর জিয়ারত করেন। মন্ত্রীর সাথে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির, মন্ত্রণালয়ের উপ-সচিব (বন) আবু নইম মোহাম্মদ মারুফ খান, বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম ও আব্দুল আউয়াল সরকারসহ মন্ত্রণালয়, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত