Print

Broadcasting News Corporation

সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ‘কেন্দ্রীয় তহবিল’ থেকে শতভাগ রপ্তানিমুখী শিল্পে নিয়োজিত শ্রমিকগণ কারখানায় কর্মরত থাকাকালীন দুর্ঘটনা ও স্বাভাবিক মৃত্যুজনিত ক্ষতিপূরণ, অসুস্থ শ্রমিককে চিকিৎসা সহায়তা, তাদের মেধাবী সন্তানদেরকে শিক্ষা-বৃত্তি প্রদান, প্রয়োজনে বন্ধ কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ এবং অগ্নি-দুর্ঘটনায় আহত শ্রমিকদের কল্যাণে এ পর্যন্ত ২৫৫ কোটি ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপকার-ভোগী এ শ্রমিকদের সংখ্যা ৩২ হাজার ৬৮৬ জন। প্রতিমন্ত্রী সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল থেকে আহত, অসুস্থ শ্রমিক ও শ্রমিকদের পরিবারের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে স্থায়ীভাবে অক্ষম হওয়া বা মৃত্যুবরণকারী শ্রমিক বা তাদের উপযুক্ত উত্তরাধিকারী বা পোষ্যকে পেনশন সুবিধা প্রদানের লক্ষ্যে ২০২২ সালের জুন মাসে চালু হয়েছে ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন এবং বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিজিএমইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণও বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ -এর প্রেসিডেন্ট এস এম মান্নান (কচি)। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তিন হাজার আটশত ষাট জনের মাঝে ষোলো কোটি বাহাত্তর লাখ তেষট্টি হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে শ্রমিকের সহায়তা, কর্মরত অবস্থায় মৃত শ্রমিকের পরিবারকে সহায়তা এবং শ্রমিকের সন্তানের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন গরিব/দুঃস্থ শ্রমিক ও শ্রমিক পরিবারকে ১৪১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

Post Views: 887

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত