Print

Broadcasting News Corporation

পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি’র ৯ম বৈঠক মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সুদত্ত চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন। আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা উপস্থিত ছিলেন। বৈঠকে পার্বত্য চট্রগ্রামে কুকি চিন সন্ত্রাসীদের দমনে কোন নিরীহ অধিবাসী যেন হেনস্তার স্বীকার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে তিন পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বিভাগ/দপ্তর বিষয়সমূহের বিষয়ে সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনার জন্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করা হয়।
বৈঠকে ভূমি সচিব ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে কমিটিকে অবহিত করেন এবং পার্বত্য অঞ্চলে ডিজিটাল ভূমি জরিপ ব্যবস্থা কার্যক্রম শুরু করার প্রস্তাব করেন। পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের শূন্য পদে পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসী যারা বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত আছেন এমন কর্মকর্তাদেরকে প্রেষণে পদায়নের কাজ অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করা হয়। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে এবং কমিটির নতুন সদস্য সুদত্ত চাকমাকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Post Views: 440

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত