Print

Broadcasting News Corporation

ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হয়েছে

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঈদুল আজহা উপলক্ষ্যে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ) নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমন্ত্রী বলেন, গত ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহণ নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী ও পণ্য পারাপার করবেন, তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে অনুসরণ করবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Post Views: 976

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত