Print

Broadcasting News Corporation

চালের বাজার স্থিতিশীল আছে

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৪ , ১০:৩০ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, বোরো আবাদে উৎপাদন ভালো হয়েছে। চালের কোনও ঘাটতি নেই এবং চালের দাম স্থিতিশীল আছে।
সোমবার (২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য-পণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়-কালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি উন্মুক্ত রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুদ রাখার খবর আমরা পাচ্ছি-এ বিষয়ে তদারকি করা হচ্ছে। মন্ত্রী বলেন, নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমরা চার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছি। প্রতিদিন বাজার মনিটর করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মনিটরিং আরও জোরদার করা হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চান সরকার পরিচালনায় যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য নিত্য-পণ্যের দাম নিয়ন্ত্রণে তিনি আমাদের চার মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন। আমরা আবার মিটিংয়ে বসবো, প্রতিনিয়ত প্রতিটি পণ্যের দাম যাচাই করব এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বেশিরভাগ নিত্য-পণ্যের দাম সহনশীল অবস্থায় আছে বলেও জানান মন্ত্রী। নিত্য-পণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণে এটি তৃতীয় আন্তঃমন্ত্রণালয় সভা। এর আগে অর্থ মন্ত্রণালয়ে ও খাদ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি সভা হয়েছে।

Post Views: 653

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত