আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল এর সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে সারা দেশে বিটিসিএল এর অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার আওতা-বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (০৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল-এর কার্যক্রম পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী চীনের নিজস্ব সোশ্যাল মিডিয়া উইচ্যাট, দক্ষিণ কোরিয়ার ক্যাকোটক ইত্যাদির ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কলিং অ্যাপ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। বিটিসিএল এর আলাপ, জীবন এবং অব্যবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আলাপ এর অগ্রগতিতে আমি খুশি কিন্তু সন্তুষ্ট নই। তিনি আলাপের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মার্কেটিং ও সার্ভিসিং এ দুটির ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন। পরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের অগ্রগতি পর্যালোচনা সভায় টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রতিষ্ঠানটি হালনাগাদ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। অনুষ্ঠানে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত